আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
সম্পূর্ণ অরাজনৈতিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত হলো সমাজসেবামূলক সংগঠন “আগৈলঝাড়া হিলফুল ফুজুল সমাজকল্যাণ পরিষদ”। দেশপ্রেমিক, মানবিক ও সমাজসচেতন একঝাঁক তরুণের সমন্বয়ে এই সংগঠনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে সংগঠনটিকে একটি সুসংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্মে রূপ দিতে যাঁরা মেধা, শ্রম ও সময় ব্যয় করেছেন তাঁদের আপ্রাণ প্রচেষ্টায় আজ সংগঠনটি সফলভাবে আত্মপ্রকাশ করেছে। অরাজনৈতিক চরিত্রের কারণে উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আলেম, হাফেজ, মুফতি, প্রবাসী, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা এ সংগঠনে রয়েছেন।
আগৈলঝাড়া মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান হয়। এরপর পরিচয় পর্ব, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পাঠ, ঘোষণাপত্র পাঠ এবং আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)। তিনি তাঁর বক্তব্যে সমাজসেবামূলক ও অরাজনৈতিক সংগঠনের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ সংগঠনের কার্যক্রমের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।
পরবর্তীতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। প্রশ্নোত্তর পর্ব শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ২০২৬ সালের ঘোষিত উল্লেখযোগ্য কমিটিতে সভাপতি হিসেবে নাঈমুল ইসলাম হাবিবী এবং সাধারণ সম্পাদক হিসেবে আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি আকাশ মাহমুদের নাম ঘোষণা করা হয়।
মানবসেবা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে “আগৈলঝাড়া হিলফুল ফুজুল সমাজকল্যাণ পরিষদ” ভবিষ্যতে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।